[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। গতকাল সোমবার বিকেলে গণভবনে তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। বৈঠকে এ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিষয় নিয়ে আলোচনা হয়।
দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং উপ-আঞ্চলিক সংযোগ (কানেকটিভিটি) সম্পর্কিত বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সম্পর্কে এ সময় আলোকপাত করেন।
বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর শুভেচ্ছা পৌঁছে দিতে বলেন প্রধানমন্ত্রী। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের আর্থ সামাজিক সূচকগুলোর উন্নয়ন বিশেষকরে শিশু মৃত্যু হার হ্রাস থেকে নারী শিক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সাক্ষরতায় চমকপ্রদ সাফল্যের ভূয়শী প্রশংসা করেন। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নেরও প্রশংসা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস।


























