[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ফুটবলভক্ত ইরানি নারী সাহার খোদায়ারি (২৯) পুরুষের বেশে খেলা দেখতে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেছিলেন। যার জন্য তার ছয় মাসের সাজা হয়েছিল। এ রায় শুনে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন তিনি। এ ঘটনার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে সংশ্লিষ্ট আদালত এবং পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি তুলেছেন।
‘ব্লু গার্ল’ নামে পরিচিতি ওই নারী গত মার্চ মাসে পুরুষের বেশ ধরে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেন তার প্রিয় ইরানি ফুটবল ক্লাব এস্তেগলালের খেলা দেখতে। নীল রঙের পরচুলা পরেছিলেন তিনি, গায়ে ছিল ওভারকোট, তারপরও স্টেডিয়ামে ঢুকার সময় ধরা পড়ে যান। গ্রেফতারের পর জামিনে মুক্ত হন সাহার খোদায়ারি। কিন্তু গত সপ্তাহে আদালত তার ছয় মাসের সাজার রায় দেন। এরপর আদালতের বাইরে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি।
হাসপাতালে ব্যান্ডেজে মোড়ানো খোদায়ারির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির বিচার বিভাগ এ মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
































