[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্মড পুলিশের হাতে আটক হয়েছেন এক ব্যক্তি পায়ুপথে ইয়াবা নিয়ে যাওয়ার সময়। জানা গেছে, হেলাল উদ্দিন (৩২) নামে ওই ব্যক্তি এক হাজার চারশ ২৫ পিস ইয়াবা পায়ুপথে নিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। কক্সবাজারের উখিয়া থানার আশারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে আটক হেলাল উদ্দিন।
এ ব্যাপারে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী এলাকায় ঘোরাফেরা করছিলেন হেলাল উদ্দিন নামে ওই যাত্রী। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত আর্মড পুলিশ সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। তবে তিনি অস্বীকার করেন। পরে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করেন তার পায়ুপথে ইয়াবা থাকার কথা। তার দাবি উখিয়ার খালেদা (২৫) নামে মাদক ব্যবসায়ী তাকে এই ইয়াবা ঢাকায় পৌঁছানোর জন্য দেন। খালেদার স্বামী আলমগীর ঢাকার মিরপুরের ১২ নম্বরে তা নেওয়ার কথা ছিল। এজন্য হেলাল ১৫ হাজার টাকা পেত। পরে পায়ুপথ থেকে ওই ইয়াবা বের করে আনা হয় বিশেষ প্রক্রিয়ায়।





























