[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার , কথিত গোল্ডেন হ্যান্ডশেক মাধ্যমে শ্রমিক বিদায়ের ঘোষণা বাতিল, ‘পিপিপি’র আওতায় পাট শিল্পের সম্পদ লুটেরাদের হাতে তুলে দেয়ার পায়তারা বন্ধের দাবিতে বুধবার (১ জুলাই) দেশের বিভিন্ন স্থানে শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়।
পাটকল রক্ষার দাবিতে জাতীয় শ্রমিক ফেডারেশনের দেশব্যাপি বিক্ষোভ কর্মসুচিতে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কামরূল আহসান। সমাবেশে বক্তব্য ও ঘোষণা পাঠ করেন- ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন।
সমাবেশে পাটকল বন্ধ করার সরকারি সিন্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বক্তারা বলেন, পাটমন্ত্রী লোকশানের কথা বলে; শ্রমিকদের উপর তার দায় চাপিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। অথচ লোকশানের জন্য দায়ি বিজেএমসি নামক মাথাভারী প্রশাসন, দুর্নীতিবাজ কর্মকর্তা- যারা পাট ক্রয়ে দুর্নীতি, মৌসুমে পাট সরবরাহে অনিয়ম, অসময়ে বেশি দামে পাট ক্রয় এবং উৎপাদিত পাট পন্য বিপননে ব্যর্থতা দেখিয়েছে; তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
বক্তারা বলেন, পাট চাষ ও পাট শিল্প বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের ব্রান্ড। দেশের ৪৫ লাখ কৃষক পাট চাষের সাথে যুক্ত, পাট ও পাট শিল্পের সাথে ৪ কোটি মানুষের জীবন-জীবিকা জড়িত। বাংলাদেশের আত্মপরিচয়ের আন্দোলনের সাথে পাট ও পাট শিল্প অঙ্গাঙ্গিভাবে জড়িত। পাটকল বন্ধ হলে পাট সংশ্লিষ্ট মানুষের জীবনে অন্ধকার নেমে আসবে। ফেডারেশনের নেতৃবৃন্দ পাট শিল্পকে লাভজনক করার জন্য সরকারি উদ্যোগে পুরানো যন্ত্রের বদলে আধুনিক ও উন্নতমানের প্রযুক্তি সংযোজনের দাবি জানান।
এতে তারা ১২০০ কোটি টাকা বরাদ্দের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন- ফেডারেশনের দপ্তর সম্পাদক কামরুল হাসান, প্রচার সম্পাদক আনোয়ার আলী, করিম জুট মিল লেবার ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ জেল হোসেন, সদস্য মকবুল হোসেন। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়। সমাবেশ সঞ্চালনা করেন শাহানা ফেরদৌসি লাকী।
অন্যান্য স্থানের কর্মসুচি
পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে বেতন ভাতা পরিশোধ এবং পাট শিল্পকে আধুনিকায়নের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শহরের সাহেববাজার জিরোপয়েন্টে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি অ্যাড. ফেরদৌস জামিল টুটুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রখেন রাজশাহী মহানগর ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, নগর সম্পাদকমন্ডলির সদস্য আবুল কালাম আজাদ, আবদুল মতিন, মনিরুদ্দিন পান্না, মনিরুজ্জামান মনির। সমাবেশ পরিচালনা করেন- ফেডারেশনের রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল করিম অপু প্রমুখ।
রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় শ্রমিক ফেডারেশন। বুধবার দুপুরে নগরীর চেরাগী পাহাড় মোড়ে এই কর্মসূচি থেকেও পাটকল বন্ধ ও শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাতিল করে আধুনিকায়নের জন্য সরকারি পাটকলগুলোতে কমপক্ষে ১২০০ কোটি টাকা বিনিয়োগ এবং লোকসানের জন্য দায়ী বিজেএমসির ‘দুর্নীতিবাজ’ কর্মকর্তাদের শাস্তির দাবি জানানো হয়। জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আমিন পাটকল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ফারুক আহমেদ রুবেল, হাফিজ জুটমিল ওয়ার্কার্স ইউনিয়ন সভাপতি নূর মোহাম্মদ মিলন প্রমুখ। সংহতি বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য এড.আবু হানিফ,চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শরীফ চৌহান প্রমুখ।
জাতীয় শ্রমিক ফেডারেশন খুলনা জেলা কমিটির উদ্যোগে পিকচারপ্যালেসমোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক ফেডারেশনের খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন দিলু। প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য দীপঙ্কও সাহা দীপু। বক্তব্য রাখেন- মহানগর কমিটির সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ,জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক নেতা খলিলুর রহমান ,নারায়ণ সাহা, আব্দুস সাত্তার মোল্লা, আমিনুর ইসলাম ,হাফিজুর রহমান ,হান্নান শেখ, হারুন-অর-রশিদ ,রেছফা, যুবমৈত্রীর নেতা খায়রুল বাশার প্রমুখ।
শ্রমিকদের কর্মচ্যুত করে রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত , বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক ছাটাই এবং রাষ্ট্রের প্রতিটি খাতে দুর্নীতির বিরুদ্ধে সিলেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সভাপতি সিকান্দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন এর সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, সবগুলো পাটকলসহ সকল কলকারখানা যোগ্য ও দক্ষ ব্যক্তি দ্বারা পরিচালনা করতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পাটির সিলেট জেলা সাধারণ সম্পাদক ইন্দ্রাণী সেন সম্পা, দীনবন্ধু পাল, হিমাংসু মিত্র, আবদুল্লাহ খোকন, আলমগীর হোসেন রুমেল, মহীতোষ চৌধুরী প্রসাদ, অজিত দেবনাথ, ছাত্র মৈত্রী সিলেট জেলার সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী, আলিফ আহমেদ প্রমুখ।
এ ছাড়া ফেডারেশনের উদ্যোগে নীলফামারির সৈয়্যদপুরশহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের প্রেসক্লাবের সামনে, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে, রংপুরের কৃষিফার্ম চত্বরে, গাজীপুরের জেলা সদরে, নরসিংদী প্রেসক্লাব চত্বরে পাটকল রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়।


























