[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
দাম নিয়ন্ত্রণে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) খোলাবাজারে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। টিসিবি’র মুখপাত্র হুমায়ুন কবির জানিয়েছেন, ৪৫ টাকা কেজি দরে রাজধানীর পাঁচটি স্থানে দেশি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে। তিনি বলেন, আজ থেকে রাজধানীর পাঁচটি স্থানে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আমাদের সোর্সিং চলছে, পর্যায়ক্রমে আরো বিভিন্ন স্থানে শুরু হবে এ সেবা।
টিসিবির ডিলার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টা থেকে আমরা এখানে পেঁয়াজ বিক্রি শুরু করেছি। একজন ক্রেতা দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারছেন। এক হাজার কেজি পেঁয়াজ দেওয়া হয়েছে বিক্রির জন্য।
বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত রবিবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ তথ্য জানানো হয়েছে সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। এ পরিপ্রেক্ষিতে মানুষকে স্বস্তি দিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে খোলাবাজারে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির। তবে খোলাবাজার থেকে একেকজন পাঁচ কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবে না।
পেঁয়াজ আমাদানির ক্ষেত্রে এলসি মার্জিন এবং সুদের হার কমাতেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকে। বলা হয়েছে, বন্দরে আমদানি করা পেঁয়াজের খালাস প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করা এবং নির্বিঘ্নে পরিবহনের যাতায়াত নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠানো হয়েছে।


























