[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রকল্পের কাজ সঠিক গুণগতমান বজায় রেখে সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। গতকাল রাজধানীর মালিবাগে সরকারি আবুজর গিফারী কলেজের বহুতল ভবনের নির্মাণকাজ পরিদর্শন করতে গিয়ে প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ না করতে পারলে খরচ বেড়ে যায়। এছাড়া যে উদ্দেশ্যে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে সে উদ্দেশ্য পূরণে বিলম্ব হয় এবং মানুষের ভোগান্তি সৃষ্টি হয়। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কোনোভাবেই কাম্য নয়। করোনা পরিস্থিতির কারণে অনেক প্রকল্পের কাজ কিছুটা বিঘ্নিত হলেও আন্তরিকতা ও নিষ্ঠা থাকলে নির্ধারিত সময়েই তা শেষ করা সম্ভব। তিনি প্রকল্প সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, সকলের ঐক্যবদ্ধ ও আন্তরিক প্রচেষ্টা থাকলে অনেক কঠিন কাজও সহজে করা সম্ভব হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা ও সততার সাথে কাজ করতে হবে। তাহলেই নিরাপদ, সাশ্রয়ী এবং টেকসই অবকাঠামো গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা সফল হবে।
পরিদর্শনকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহিদ উল্লাহ খন্দকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


























