[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পারিবারিক বিরোধের জেরে নিখোঁজের ৪ দিন পর সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বস্তাবন্দি অবস্থায় তোফাজ্জল হোসেন নামে সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে উপজেলার চারাগাঁও সীমান্তের বাঁশতলা গ্রাম থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
তোফাজ্জল উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্ত গ্রাম বাঁশতলার জুবায়ের হোসেনের ছেলে ও বাঁশতলা দারুল হেদায়েত মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। স্বজনরা জানান, শিশু তোফাজ্জল হোসেন গত বুধবার বিকেলে নিজ গ্রাম থেকেই নিখোঁজ হয়।
নিখোঁজের পর অপহরণ সন্দেহে পরদিন বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়। চারদিন পর শনিবার ভোরে গ্রামের এক প্রতিবেশীর বাড়ির পেছনে বস্তাবন্দী অবস্থায় শিশুটির মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে শিশু তোফাজ্জলকে অপহরণের পর হত্যা করা হয়েছে। এরপর তার মরদেহ সিমেন্টের বস্তার ভেতর রেখে দেয়া হয়।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, অধিকতর তদন্ত সাপেক্ষে ওই শিশু অপহরণ ও হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত রয়েছেন সে ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।





























