[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উল্লেখ করেছেন নারীর ক্ষমতায়নে সরকার নিরলসভাবে কাজ করছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা, সেমিনার ও গোলটেবিল বৈঠকের আয়োজনে জাতিসংঘ (ইউএন) ওমেনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি।
ইউএন ওমেন-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শকো ইশিকাওয়া গতকাল সোমবার রাতে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশের বাল্যবিয়ে প্রতিরোধ, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার হ্রাস, যুব উন্নয়ন ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে স্পিকার বলেন, বাংলাদেশের নারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। সংসদ সদস্যগণ বাল্যবিয়ে প্রতিরোধে নিজ নিজ নির্বাচনী এলাকায় কাজ করে যাচ্ছেন। এছাড়া তারা জলবায়ু পরিবর্তনসহ বিশেষায়িত এজেন্ডা নিয়ে কাজ করতে আগ্রহী। এ সকল বিষয়ে ইউএনকে সহযোগিতা বাড়ানোর আহবান জানান তিনি। এ সময় শকো ইশিকাওয়া নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি নারী সংসদ সদস্যদের নিয়ে বিশেষ সেমিনার আয়োজনে আগ্রহ প্রকাশ করেন।


























