[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যের মতো বিভাজন থাকবে না। এ ছাড়া নতুন শিক্ষাক্রমে ক্লাস থ্রি পর্যন্ত কোনো শ্রেণিতে পরীক্ষা থাকবে না বলেও জানান তিনি।
আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী একথা জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপনের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে।
মন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষা হবে শুধু দশম শ্রেণির পাঠ্যক্রমের ওপর। এইচএসসি পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ওপর।
তিনি জানান, পরিমার্জিত কারিকুলামের খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। শ্রেণিকক্ষেই পাঠদান সম্পন্ন করার ব্যবস্থা রেখে পরিমর্জিত কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলমান থাকবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করার নির্দেশ দেন। তিনি বলেছেন, বিজ্ঞান প্রযুক্তিতে বিশ্ব যখন এগিয়ে যায়, তখন কোনোভাবে দেশ পিছিয়ে থাকতে পারে না।
সোমবার সকালে প্রধানমন্ত্রী গণভবনে এ নির্দেশ দেন জাতীয় শিক্ষাক্রম রূপরেখার খসড়ায় উপস্থাপনের সময়।


























