[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আগে বাইক বা স্কুটি কিনলে অনেকেই হেলমেট কিনতেন। কেউবা কিনতেনই না। অনেকে আবার একটি হেলমেট কিনতেন। হেলমেট ছাড়াই দিব্বি হয়ে যেত রেজিস্ট্রেশন। কিন্তু এবার আর তেমনটি হচ্ছে না।
ভারতের মধ্যপ্রদেশে যে কোনও দুই চাকার গাড়ি রেজিস্ট্রেশন করতে গেলে এখন লাগবে দুটি হেলমেট কেনার রশিদ।
রাজ্যে এখন থেকে যে কোনও দুই চাকার গাড়ি রেজিস্ট্রেশন করার আগে কিনতে হবে দুটি হেলমেট। এবং তার রশিদ দেখাতে হবে পরিবহন দপ্তরকে, তবেই মিলবে বাইক বা স্কুটারের রেজিস্ট্রেশন।
মধ্যপ্রদেশের পরিবহন কমিশনার শৈলেন্দ্র শ্রীবাস্তব বলেন, ‘বাইক চালক এবং আরোহী দুজনের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা গাড়ি বিক্রেতাদের জানিয়েছি, তাঁরা যেন ক্রেতাদের বাইক কেনার সময় জানিয়ে দেন হেলমেট কেনার কথা । পরিবহন দপ্তর কোনও হেলমেট ছাড়া রেজিস্ট্রেশন দেবে না।’
কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, ২০১৭ সালে সারা ভারতে দেশে সড়ক দুর্ঘটনার মধ্যে ৩৪ শতাংশই হয়েছে দুই চাকার গাড়িতে। এসব দুর্ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই প্রাণ গেছে হেলেমেট না পরার জন্য।
শৈলেন্দ্র শ্রীবাস্তব আরও বলেন, ‘হেলমেট বিষয়ে আদালত আগেই রায় দিয়েছিলেন। পরিবহন দপ্তরও ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর এই নিয়ম জারি করে। কিন্তু সম্ভব হয়নি এই নিয়ম কার্যকর করা । এবার সেটাই করা হলো।’































