[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সারাদেশে ডেঙ্গু দ্রুত ছড়িয়ে পড়ছে । স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যমতে, ঢাকাসহ ৫০ জেলায় শনাক্ত করা হয়েছে ডেঙ্গু রোগী । এদের মধ্যে বেশিরভাগই ঢাকা ফেরত বলে জানা গেছে। সোমবার (২৯ জুলাই) সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে এক হাজার ৯৬ জন ভর্তি হয়েছেন। এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন আরও একজন । এ রোগে আক্রান্ত হয়ে চলতি মৌসুমে ঢাকা মেডিকেলে মৃত্যু হলো ৭ জনের। এ অবস্থার মধ্যেই অনেক জায়গায় ডেঙ্গু শনাক্তের পরীক্ষায় স্বাস্থ্য অধিদফতরের বেধে দেয়া ফি’র চেয়ে বেশি নেয়া হচ্ছে বলে পাওয়া গেছে অভিযোগ।
গত কদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় রোববার ডেঙ্গুর সকল পরীক্ষা নিরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদফতর মূল্য নির্ধারণ করে দেয়। তবে সোমবার বেসরকারি আইসিডিডিআরবিতে পরীক্ষা নিরীক্ষা করাতে আসা ডেঙ্গু রোগীরা দাবি করেন, নির্ধারিত ৫০০ টাকার পরিবর্তে হাসপাতালটি অনেক বেশী ফি নিচ্ছে ।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সরকার নির্ধারিত পরীক্ষা-নিরীক্ষাতে সঠিক মূল্যই রাখা হচ্ছে।
আইসিডিডিআরবিতে ডেঙ্গু পরীক্ষা করতে আসা একজন জানান, আমি অভিযোগ জানালে পরে হাসপাতাল কর্তৃপক্ষ বলে পরীক্ষার ফি বিষয়ক এমন কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে আসেনি তাদের কাছে।
এদিকে যতই সময় গড়াচ্ছে ততোই ডেঙ্গু ছড়িয়ে পড়ছে ঢাকার বাইরে। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া পরীক্ষা নিরীক্ষায় বেশি ফি নেয়ার অভিযোগ প্রমাণিত হলে নেয়া হবে কঠোর ব্যবস্থা ।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা বলেন, মানুষকে এ ব্যাপারে সচেতন করতে গ্রহণ করা হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ ।এছাড়া হাসপাতালগুলোকে মনিটর করার জন্য দশটি টিম গঠন করা হয়েছে ।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে নির্ধারিত ফি আদায় করা হচ্ছে কিনা তা মনিটরিংয়ে দেশব্যাপী ১০টি টিম কাজ করছে। সংস্থাটির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬ জন ডেঙ্গু রোগী।





























