[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি: বৈরী আবহাওয়ার মধ্য দিয়েই ঝালকাঠিতে শারদীয় দুর্গা উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার এই উৎসবের ষষ্ঠী পূজা। সন্ধ্যায় ঘট স্থাপনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। ঝালকাঠি জেলায় ৪ টি উপজেলা ও ২ টি পৌর এলাকার ১৭২ টি মণ্ডপে পূজার আয়োজন হচ্ছে। ইতোমধ্যেই পূজা মণ্ডপে প্রতিমা রংতুলির কাজ শেষ হয়েছে তবে ২-১ টি মণ্ডপে প্রতিমার রংতুলির কাজ শেষ করা হচ্ছে।প্রতিমা শিল্পীরা জানিয়েছেন সন্ধ্যার আগেই পুজার আনুষ্ঠানিকতার পূর্বে রংতুলির কাজ শেষ করা হবে।
ঝালকাঠি জেলার ৪ টি উপজেলার মধ্যে পৌরসভা সহ সদর উপজেলায় সর্বাধিক ৭২ টি, কাঠালিয়া উপজেলায় ৫৬টি এবং রাজাপুর ও নলছিটি উপজেলায় ২১ টি করে পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হচ্ছে। পূজা মণ্ডপের পরিচালনা কমিটি জানিয়েছেন করোনা পরিস্থিতি জনিত কারনে সরকারি নির্দেশনা অনুযায়ী আচরণ বিধি মেনে দর্শনার্থীদের মাস্ক ব্যবহার সহ স্যানিটাইজ ব্যবহার ও একসঙ্গে ২৫ জনের বেশি দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশ থেকে বিরত রাখা হবে।
সরকারি ভাবে প্রতিটি মণ্ডপের জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্ধ দেয়া হয়েছে। এছাড়াও জেলা পরিষদ ও পৌরসভা মন্দিরগুলিতে আর্থিক সহায়তা দিচ্ছে। এবছর পূজা মণ্ডপগুলির নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়নি তবে মণ্ডপের বাইরে জেলা জুড়ে র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর ভ্রাম্যমান মোবাইল টিম থাকছে।
বৃহস্পতিবার ভোর রাত থেকে বঙ্গোপ সাগরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টিপাত হালকা ও মাঝারি ধরণের থেমে থেমে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের বার্তা অনুযায়ী বৃষ্টিপাত আগামি আরও দুদিন চলবে।





























