[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজধানীর কলাবাগান থানা পুলিশ ছেলেধরা সন্দেহে গণপিটুনি, ডেঙ্গু, মাদক ও জঙ্গিবিরোধী প্রচারণা চালাচ্ছে। ডিএমপির নির্দেশনায় শুরু হওয়া এই প্রচারণার কার্যক্রম হিসেবে বৃহস্পতিবার (২৫ জুলাই) থানার বিভিন্ন মহল্লা ও স্কুলে পুলিশের ১০টি টিম প্রচারণা চালাচ্ছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল থেকে কলাবাগানের পুকুরপাড়, এমসি গলি, মেহেরুন্নেসা স্কুল, ধানমন্ডি উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি মহল্লা, স্কুল ও মসজিদে তারা প্রচারণা চালায় । প্রচারণায় ডিএমপির রমনা জোনের ডিসি মারুফ সরদারসহ অংশ নিচ্ছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্য সদস্যরা।
বেলা ১২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিটে প্রচারণা শেষে কলাবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোহাম্মদ রমজান হোসেন বলেন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছেলেধরা গুজব ছড়িয়েছে ব্যাপকভাবে। এ ঘটনায় গণপিটুনিতে মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের। সামনে যাতে এই ধরণের অপ্রত্যাশিত ঘটনা না ঘটে আমরা এই প্রচারণা চালাচ্ছি সেজন্যই।
তিনি আরও বলেন, প্রচারণার অংশ হিসেবে আমরা বিভিন্ন স্কুল, মসজিদ ও মহল্লায় মহল্লায় গিয়ে কথা বলছি সাধারণ মানুষের সঙ্গে। এই গুজব সম্পর্কে সচেতন করেছি তাদের। কাউকে ছেলেধরা বলে সন্দেহ হলে যাতে গণপিটুনি দিয়ে কেউ আইন হাতে তুলে না নেয় সচেতন করেছি সেই বিষয়ে । এছাড়া কাউকে সন্দেহ হলে যাতে নিকটস্থ থানা কিংবা ইমার্জেন্সি নম্বর ৯৯৯ এ কল দিয়ে জানানোর পরামর্শ দেয়া হচ্ছে।
রমজান হোসেন বলেন, একইসঙ্গে ডেঙ্গু, মাদক ও জঙ্গিবিরোধী বিষয়েও সাধারণ মানুষের মধ্যে বাড়ানো হচ্ছে সচেতনতা। প্রচারণায় তাদের ব্যাপক সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে।





























