[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কুমিল্লায় ভারতীয় সীমান্তের মাত্র ২০ গজ দূর থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয় জেলার সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী রাজেশপুর-মহিষমারা নামক স্থানের ঝোপের ভেতর থেকে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন আজ সোমবার (২১ অক্টোবর) সকাল পর্যন্ত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। তিনি বলেন, রবিবার রাত ৯টার দিকে স্থানীয়রা রাজেশপুর মহিষমারা এলাকার ঝোপের ভেতর আনুমানিক ৩০ বছর বয়সী যুবকের লাশটি দেখতে পায়। খবর পেয়ে থানার তদন্ত কর্মকর্তা অমল কৃষ্ণ ধর সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসেন।
সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) অমল কৃষ্ণ ধর বলেন, স্থানীয়ভাবে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে সীমান্ত রেখার ২০ গজ দূর থেকে। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।





























