[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
দেশের গণমাধ্যম কর্মীরা দুর্যোগ, মহামারী ও যুদ্ধকালীন সময়সহ প্রতিটি ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা পালন করে থাকে। সেই গণমাধ্যম কর্মীদের পাশে এই করোনা সংকটকালে দাঁড়িয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) দুই লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে ম্যারিকো।
এ প্রসঙ্গে ম্যারিকোর ব্যবস্থাপনা পরিচালক আশীষ গোঁপাল বলেন, করোনা মহামারীর মধ্যেও সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা যেন নিজেদেরেকে সুরক্ষার মধ্যে থেকে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সেই উপলব্ধি থেকে আমরা সাংবাদিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আগামীতেও ম্যারিকোর এই সহায়তা অব্যাহত থাকবে।
আশীষ গোঁপাল জানান, করোনার কারণে ক্ষতিগ্রস্ত গাজীপুরের শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলার ৫ হাজার অসহায় ও নিম্ন আয়ের পারিবারকে খাদ্য সহায়তা প্রদান করে ম্যারিকো। কভিড- ১৯ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫০ লক্ষ টাকার অনুদান দিয়েছে ম্যারিকো। এ ছাড়া সংকটকালীন স্বাস্থ্য চাহিদা পূরণের লক্ষ্যে শূন্য মুনাফার প্রতিশ্রুতিতে ম্যারিকো আন্তর্জাতিক হাইজিন রেঞ্জ-এর মেডিকার সেফলাইফ ব্র্যান্ডের হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড-ওয়াশ বাজারে নিয়ে এসেছে।
ম্যারিকোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ বলেন, ডিআরইউ’র জন্য অনুদান ছাড়াও বিভিন্ন গণমাধ্যম অফিসে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে। যা সাংবাদিকদের জন্য খুবই উৎসাহের বিষয়। ম্যারিকোর মতো অন্যান্য প্রতিষ্ঠানকেও সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


























