[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মালয়েশিয়াগামী রোহিঙ্গাবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে কক্সবাজারের সেন্টমার্টিনের কাছে বঙ্গোপসাগরে। মঙ্গলবার ভোরে ১২ নারী ও ৩ শিশুসহ মোট ১৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে সাগরে ভাসমান অবস্থায়। এছাড়া আরও ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।
নৌবাহিনীর কর্মকর্তারা জানান, ভোরে ৯০ জনের মতো রোহিঙ্গাকে নিয়ে বোটটি মালয়েশিয়ার দিকে যাত্রা করে। কিন্তু সকাল ৮টার দিকে সেন্টমাটিন ক্রস করে ছেঁড়াদ্বীপের কাছে গিয়ে বোটটি ডুবে যায়। সকাল সোয়া ৮টায় ঘটনাস্থলে ছুটে আসে নৌ বাহিনী জাহাজ ট্রলারডুবির খবর পেয়ে। সাড়ে ৮টার মধ্যে তারা উদ্ধার কাজ শুরু করেন। প্রথমে তারা ৪০ জনকে উদ্ধার করে তাদের জাহাজে তুলে নেন ভাসমান অবস্থায়। এরপর পাওয়া যায় ১০ জনের মৃতদেহ। আরো ৩৩ জনকে জীবিত এবং ৫ জনের মৃতদেহ পাওয়া যায় সাগরে পরবর্তীতে।
কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার নাঈম-উল হক জানান, মঙ্গলবার সকালে সেন্টমার্টিন দ্বীপের অদূরে ১০ কিলোমিটার উত্তর-পশ্চিম সাগরে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে । তবে নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি কোস্টগার্ডের সংশ্লিষ্টরা।





























