এবার ঢাকা উত্তর ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

শুক্রবার, অক্টোবর ২, ২০২০,৩:৩৭ অপরাহ্ণ
0
77

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এবার ধর্ষণের অভিযোগ উঠেছে আরেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। সবুজ আল সাহবা নামে ওই নেতা ঢাকা উত্তর ছাত্রলীগের সহসভাপতি। গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গত বুধবার রাতে সবুজের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা হলে রাতেই পীরেরবাগ থেকে তাঁকে সহযোগী বিবি ফাতেমা ঝুমুরসহ গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষিতা সবুজের বান্ধবী ঝুমুরের বাসার গৃহকর্মী।

গত সোমবার সবুজ ওই গৃহকর্মীকে ঝুমুরের সহায়তায় ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ধর্ষক সবুজের পাঁচ দিনের, সহযোগী ঝুমুরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল জামিনের আবেদন নাকোচ করে তাঁদের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সবুজকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতারা।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই গৃহকর্মীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী ওই গৃহকর্মী বাসার কাজের পাশাপাশি একটি পার্লারেও কাজ করতেন।

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী গৃহকর্মীটি গত ৫ আগস্ট বিবি ফাতেমা ঝুমুরের বাসায় গৃহকর্মীর কাজে যোগ দেন। গত সোমবার দুপুরে ঝুমুর ডাক্তার দেখাবে বলে ওই গৃহকর্মীকে নিয়ে বের হন। এরপর কৌশলে তাঁকে সবুজের পশ্চিম মণিপুরের বাসায় নিয়ে যান। রাতে ঝুমুর তাঁকে সবুজের কক্ষে পাঠিয়ে শারীরিক সম্পর্ক করতে বলেন। গৃহকর্মী রাজি না হলে ঝুমুর বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। এরপর সবুজ তাঁকে জোর করে ধর্ষণ করে। পরের দিন মঙ্গলবার ওই গৃহকর্মী বিষয়টি তার স্বজনদের জানালে গত বুধবার রাতে মামলা করা হয়।

মিরপুর মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিবি ফাতেমা ঝুমুরের সহায়তায় সবুজ ওই গৃহকর্মীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। রাতভর তাঁকে আটকে রাখে। এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী মামলা করার পরই সবুজ ও ঝুমুরকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে