[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এডিস মশা নির্মূল ও এ মশার প্রজননস্থল ধ্বংস করতে চিরুনি অভিযান শুরু করেছে । এ অভিযান শুরু হয় আজ মঙ্গলবার (২০ আগস্ট) ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ড (গুলশান ও বনানী এলাকা) থেকে।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম অভিযান উদ্বোধন করেন গুলশানের ডা. ফজলে রাব্বী পার্কে। বর্ষা মৌসুম পর্যন্ত ওয়ার্ডভিত্তিক এডিস মশার প্রজননস্থল ধ্বংসকরণ ও বিশেষ পরিচ্ছন্নতার এ কার্যক্রম চলবে। ১০টি ব্লকে ভাগ করে প্রতিটি ব্লককে ১০টি সাব-ব্লকে ভাগ করা হয়েছে ডিএনসিসির প্রতিটি ওয়ার্ড। একটি ব্লকের ১০টি সাব-ব্লকের প্রতিটি বাসাবাড়ি, প্রতিষ্ঠান, খোলা জায়গা ইত্যাদি সম্পূর্ণরূপে পরিষ্কার ও এডিস মশার লার্ভা ধ্বংস করা হবে রোজ। এভাবে একটি ওয়ার্ডটি সম্পূর্ণরূপে পরিষ্কার এবং এডিস মশার লার্ভা নির্মূল করা হবে ১০ দিনে। পর্যায়ক্রমে এ অভিযান পরিচালনা করা হবে ডিএনসিসির অন্য ওয়ার্ডেও।
গতকাল সোমবার মেয়র আতিকুল ইসলাম এডিস মশা নির্মূলে আজ চিরুনি অভিযান শুরু করা হবে বলে জানিয়েছিলেন। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিটি বাড়িতে কাল চিরুনি অভিযান শুরু হবে। কোনো বাড়িতে লার্ভা পাওয়া গেলে স্টিকার লাগিয়ে দেওয়া হবে। ১০-১৫ দিন পর আবার গিয়ে পরীক্ষা করা হবে। মশা থাকলে জরিমানা করা হবে। আতিকুল ইসলাম মশা নির্মূল কার্যক্রম সম্পর্কে বলেন, নতুন করে আরো ২০০ ফগার মেশিন ও ১৫০ স্প্রে মেশিন বিদেশ থেকে আনা হয়েছে। মশা মারার কার্যক্রম তদারকি ও ফল গণমাধ্যমের কাছে জানানো হবে বলেও জানান তিনি।
অভিযান উদ্বোধনকালে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোমিনুর রহমান মামুন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মঞ্জুর হোসেন প্রমুখ ।


























