[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঈদুল আজহা উপলক্ষে বাজারে বিনিময়ের ব্যবস্থা করা হচ্ছে ১৮ হাজার কোটি টাকার নতুন নোট । গত রোজার ঈদে ১৭ হাজার কোটি টাকার নতুন নোট বিনিময়ের ব্যবস্থা করা হয়। বাংলাদেশ ব্যাংকসহ ২৮টি বাণিজ্যিক ব্যাংক আগামী বৃহস্পতিবার থেকে নতুন নোট বিনিময় শুরু করবে ।কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, একই ব্যক্তি যাতে একাধিকবার নতুন টাকা নিতে না পারে সে জন্য এবারও বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে বায়োমেট্রিক বা হাতের ছাপ পদ্ধতিতে তথ্য সংরক্ষণের ভিত্তিতে জনসাধারণের মাঝে বিনিময় করা হবে নতুন নোট। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন মূলত দালাল রুখতেই এ ব্যবস্থা রাখা হবে ।তিনি বলেন, ‘আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিনিময়ের প্রস্তুতি নেওয়া হয়েছে ১৮ হাজার কোটি টাকার নতুন নোট । গত বছরের মতো এ বছরও বায়োমেট্রিক বা হাতের ছাপ পদ্ধতিতে তথ্য সংরক্ষণের ভিত্তিতে জনসাধারণের মাঝে বিনিময় করা হবে নতুন নোট ।’
এবার ১০, ২০, ৫০ টাকার পাশাপাশি বদলে নেওয়া যাবে ১০০ টাকার নতুন নোটও । সে হিসেবে একজন ব্যক্তি সর্বোচ্চ ১৮ হাজার টাকার নতুন কাগুজে নোট বদলে নিতে পারবেন। তবে ২ টাকা ও ৫ টাকার নতুন নোট বিনিময়ের সুযোগ রাখা হবে না। যদিও কাউন্টার থেকে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রা নিতে পারবেন যতটা খুশি । ৮ আগস্ট পর্যন্ত নতুন টাকা বিনিময় চলবে। বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি রাজধানীর ২৮টি বাণিজ্যিক ব্যাংকের ৩০টি ব্যাংক শাখা থেকে বিনিময়ের ব্যবস্থা করা হয়েছে নতুন নোট । এর মধ্যে রয়েছে এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড করপোরেট শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব করপোরেট শাখা, এনআরবি গ্লোবাল ব্যাংকের মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংকের রাজারবাগ শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, শাহ্জালাল ইসলামী ব্যাংকের মালিবাগ শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, ডাচ্-বাংলা ব্যাংকের এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচার শাখা দক্ষিণখান, প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, ব্যাংক এশিয়ার ধানমণ্ডি শাখা, দি সিটি ব্যাংকের বেগম রোকেয়া সরণি শাখা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংকের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখা, ইউসিবিএলের গাজীপুর চৌরাস্তা শাখা, উত্তরা ব্যাংকের সাভার শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সাভার শাখা এবং ট্রাস্ট ব্যাংকের কেরানীগঞ্জ শাখা।































