[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বৃষ্টি ছিল। ভিড়ও ছিল। পথে পথে যানজট ছিল। পথে আটকে থেকে শেষে অনেকেই গাড়ি থেকে নেমে হেঁটে বৃষ্টিতে ভিজেই ছুটছিল। ছুটছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দির বা বনানী মাঠ বা রামকৃষ্ণ মিশন বা অন্য কোনো পূজামণ্ডপের দিকে। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন, তাই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সামনে দুপুর থেকেই ভক্ত-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। সেখানে ভক্তদের সারিতে অপেক্ষমাণ নদী রায় বললেন, সবাই মিলে পূজা দেখতে বের হয়েছি। এখানে অপেক্ষাটাও পরম আনন্দের। দেবী দুর্গার চরণে সকালে অঞ্জলি দিয়েছি। এরপর মণ্ডপ দেখতে বের হয়েছি।
একা বা দলবেঁধে রাজধানীর মণ্ডপে মণ্ডপে ভক্তরা ভিড় করছিল। দেবী দুর্গার শ্রীচরণে অঞ্জলি নিবেদন করেছে। গতকাল সোমবার ছিল নবমী তিথি। সর্বজনীন শারদীয় দুর্গাপূজার গুরুত্বপূর্ণ এই দিনে ভক্ত-হৃদয়ে বেজে উঠেছিল আগাম বিদায়-সংগীত। মনে হয়েছে—পূজা শেষ হয়ে যাচ্ছে। মনে মনে বেজে উঠেছে ‘যেও না নবমী-নিশি, না হইও রে অবসান’। কারণ, নবমীর পরদিনই যে বিজয়া দশমী।
নবমীকে যেতে না দিতে চাইলেও তার অবসান হয়েছে। নিশি শেষে আজ মঙ্গলবার বিজয়া দশমী উপস্থিত হয়েছে। আজ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
নবমীতে গতকাল বিকেল সাড়ে ৪টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেখানে ঘণ্টাখানেক অবস্থান করেন। সেখানে তিনি পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন। তাঁর আগে রাজধানীর রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানায় সনাতন ধর্মাবলম্বীরা।
নবমীর পুণ্য তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। নবমী তিথি শুরু হয় সন্ধিপূজা দিয়ে। অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিট সর্বমোট ৪৮ মিনিটে সন্ধিপূজা হয়। মূলত দেবী চামুণ্ডার পূজা করা হয় এই সময়। এ সময়েই দেবী দুর্গার হাতে বধ হয়েছিল মহিষাসুর। ত্রেতা যুগে শ্রীরাম বধ করেছিলেন রাবণকে।
গতকাল সকাল থেকে নবমীর আবহ শুরু হয়। তিথির শুরুতে সন্ধিপূজা বিশেষভাবে পালিত হয়। পূজা শেষে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করে। রাজধানীর বিভিন্ন মণ্ডপে সকাল ১০টার মধ্যেই নবমীপূজা শেষ হয়। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৯টায় নবমীপূজা শুরু হয়ে শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। এরপর ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করে। গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশনের উদ্যোগে পূজা হয় বনানী খেলার মাঠে। সেখানে ভক্তরা অঞ্জলি নিবেদন করে সকাল সাড়ে ১১টায়।
ঢাকা মহানগর পূজা উদ্যাপন কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার কালের কণ্ঠকে জানান, আজ দশমী তিথি বা বিজয়া দশমীতে পূজা শেষে সকাল ৯টায় বিসর্জন হবে। তবে আনুষ্ঠানিক বিসর্জন হবে পরে। বিকেল ৩টা থেকে শোভাযাত্রা শুরু হবে। পলাশী মোড় থেকে শোভাযাত্রা সন্ধ্যার মধ্যেই ওয়াইজঘাটে যাবে। এরপর একে একে বিভিন্ন মণ্ডপের প্রতিমা বিসর্জন করা হবে। রাত ১০টার মধ্যেই আনুষ্ঠানিক বিসর্জন পর্ব শেষ করার কথা রয়েছে বলে শৈলেন্দ্রনাথ জানান।
আজ বিজয়া দশমীতে গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশনের উদ্যোগে বনানী পূজামণ্ডপে সকাল ১০টায় মহিলাদের সিঁদুর খেলা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় আর্ট ক্যাম্পের উদ্বোধন করবেন ব্রিটিশ হাইকমিশনার। বিকেল ৩টায় বিসর্জন শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি বনানী পূজামণ্ডপ থেকে বের হয়ে গুলশান ২ নম্বর গোলচক্বর হয়ে কামাল আতাতুর্ক রোড-কাকলি-এয়ারপোর্ট রোড হয়ে আশুলিয়ায় গিয়ে শেষ হবে।
সন্ধ্যা ৬টায় আশুলিয়ার বিআইডাব্লিউটিএ ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।































