[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জাপানের নতুন সম্রাট নারুহিতোর সিংহাসনে আরোহণের অনুষ্ঠানে যোগ দিতে জাপান সরকারের আমন্ত্রণে দুপুরে জাপান যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জানা গেছে, আজ রবিবার দুপুর দেড়টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আবদুল হামিদ জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে রওনা হবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন এ বিষয়ে বলেন, ২২-২৪ অক্টোবর অনুষ্ঠেয় জাপানের নতুন সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দিবেন রাষ্ট্রপতি। সফরের দ্বিতীয় পর্যায়ে ২৫ থেকে ২৭ অক্টোবর রাষ্ট্রপতি সিঙ্গাপুর সফর করবেন।
সফরের সময়সূচি অনুযায়ী, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে হজরত আগামীকাল বিকেলে উড্ডয়ন করবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। বিমানটি সিঙ্গাপুরের চাঙ্গী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সিঙ্গাপুরে তিন থেকে চার ঘণ্টা যাত্রা বিরতির পর স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের আরেকটি বিমানযোগে জাপানের উদ্দেশে রওয়ানা দেবেন রাষ্ট্রপতি।
ফ্লাইটটি টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে ২১ অক্টোবর স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে। জাপানে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন। টোকিও সফরকালে রাষ্ট্রপতি ২২ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে স্টেট হল অব ইম্পেরিয়েল প্লেস-এ নতুন জাপান সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো’র অভিষেক অনুষ্ঠানে যোগ দিবেন।
রয়টার্স জানিয়েছে, জাপানী সম্রাট আগামী সপ্তাহে শতাব্দি পুরনো প্রথা অনুযায়ী অনুষ্ঠানে তার অভিষেকের কথা ঘোষণা করবেন। অনুষ্ঠানে ১৭০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চ পদস্থ কর্মকর্তাসহ প্রায় ২ হাজার লোক উপস্থিত থাকবেন। সম্রাট নারুহিতোর (৫৯) বাবা আকিহিতোর সিংহাসন পরিত্যাগ করার পর মে মাসে সিংহাসনে আরোহণ করেন। বিগত দুই শতকে সম্রাট আকিহিতোই প্রথম সিংহাসন পরিত্যাগকারী সম্রাট। জাপানের ঐতিহ্য অনুযায়ী উত্তরাধিকার সূত্রে তিনি ১২৬তম সম্রাট।
২৩ অক্টোবর রাষ্ট্রপতি হামিদ জাপানের দ্বিতীয় বৃহত্তম নগরী ইয়োকোহামা সফর করবেন। একই দিন টোকিও’র হোটেল নিউ ওটানি-তে কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাওই বাংলাদেশ রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে দেখা করবেন।
আব্দুল হামিদ হোটেল নিউ ওটানিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো এবে আয়োজিত একটি ভোজসভায় অংশ নেবেন। দেশে ফেরার সময় রাষ্ট্রপতি দুই দিনের সফরে সিঙ্গাপুর যাবেন। ২৭ অক্টোবর রাত ১১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি দেশে ফিরে আসবেন বলে জানা গেছে।

























