[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজধানীর যাত্রাবাড়িতে মো. মহিবুল্লাহ (৬৫) নামের এক গৃহকর্তাকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেছে ডাকাত। পরে ডাকাতদলটি ওই বাসা থেকে লুট করে পালিয়ে যায় । এ ঘটনা ঘটে শনিবার দিবাগত রাতে যাত্রাবাড়ির মমিনবাগ এলাকায় । লক্ষীপুর জেলার লক্ষীপুর থানার বশিবপুর গ্রামে নিহত মহিবুল্লাহর বাড়ি । তিনি যাত্রাবাড়ির মমিনবাগ এলাকার এ/সি-৩৬ নম্বর বাড়ির নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
নিহত মহিবুল্লাহর স্ত্রী হাসিনা ফেরদৌস জানান, গতরাত আড়াইটার দিকে বাসার কলিংবেল টিপে চার-পাঁচজন মুখোশধারী ঘরে ঢুকে পড়ে । তারা বাসার সবার হাত-পা বেঁধে ফেলে। স্বামী মহিবুল্লাহ তাদেরকে বাধা দিতে গেলে তাকে খাটের ওপর ফেলে হাত-পা বেঁধে হত্যা করে গলা কেটে । এরপর ডাকাতদল নগদ অর্থ ও মালামাল লুট করে পালিয়ে যায়। সকালে ঘরের দরজা খোলা দেখে এলাবাসী ভেতরে এসে গলা কাটা লাশ দেখে খবর দেয় থানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে লাশ।যাত্রাবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) শহিনুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে । সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে মর্গে । এ ব্যাপারে নিহতের পরিবার মামলার প্রস্ততি নিচ্ছে
মহিবুল্লাহ ওই বাসায় স্ত্রী হাসিনা ফেরদৌস (৪৮) ও মেয়ে মহসিনা আফরোজ প্রীতিকে (২৫) নিয়ে বসবাস করছিলেন। তাঁর অপর মেয়ে হাসনা-হেনা (২৬)থাকেন শ্বশুরবাড়িতে। ধানমন্ডির একটি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে শামিম হাসান (২২) পড়াশুনা করছেন।





























