[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
১৯৫৭ সালের ৩০ নভেম্বর কিশোরগঞ্জের নিকলীতে জন্মগ্রহণ করেন বিচারপতি আমির হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জনের পর ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি বিচার বিভাগে নিয়োগ পান মুনসেফ (সহকারী জজ) হিসেবে। পরবর্তী সময়ে ২০০৯ সালের ৬ মে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি লাভ করেন তিনি।
তিনি ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি গাজীপুর জেলা জজ থাকা অবস্থায় হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পর ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সব শেষে ২০১৭ সালের ১১ অক্টোবর বিচারপতি আমির হোসেনকে নিয়োগ দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সদস্য হিসেবে।
জীবদ্দশায় তিনি অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, চায়না, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ভারত, আরব আমিরাত, সৌদি আরব, তুরস্ক, জার্মানি, লুক্সেমবার্গ, বেলজিয়াম, ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও নেদারল্যান্ডস সফর করেছিলেন।































