[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নানা কর্মসূচির মাধ্যমে কমলাপুর রেলস্টেশনে পালিত হলো রেল দিবস। ১৮৬২ সালের ১৫ নভেম্বর চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে কুষ্টিয়া জেলার জাগতি পর্যন্ত ৫৩ কিলোমিটার ব্রডগেজ রেললাইন চালু হয়। এর মাধ্যমে বাংলাদেশ অংশে রেল পরিবহন সেবা চালু হয়।
আজ রবিবার সকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান কমলাপুর স্টেশনে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
উদ্বোধনী বক্তব্যে রেলের এই মহাপরিচালক বলেন, বাংলাদেশ রেলওয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে এবং যাত্রীদের যে সেবা পাওয়ার প্রত্যাশা তার প্রেক্ষিতে ভবিষ্যতে বাংলাদেশ রেলওয়েতে আরো অনেক ধরনের সেবা চালু করা হবে।
তিনি আরো বলেন, সামনে রেলের বহরে লাগেজ ভ্যান, লাগেজ পার্সেল ভ্যান চালু করা হবে। বাংলাদেশ রেলকে একটি আধুনিক রেলওয়েতে পরিণত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক ঢাকা (ডিআরএম) সাদেকুর রহমান, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী, কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ. মাসুদ সারোয়ারসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা।


























