[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মুন্সিগঞ্জে ঢাকা ওয়াসার পদ্মা (যশোলদিয়া) পানি শোধনাগারে করোনা ভাইরাস সংকটেও কর্মরত প্রকৌশলী এবং কর্মকর্তা-কর্মচারীর শারীরিক খোঁজ-খবর নিতে প্ল্যান্ট পরিদর্শন করেছেন।
মন্ত্রী গতকাল সকালে দৈনিক ৪৫ কোটি লিটার পানি পরিশোধন ক্ষমতাসম্পন্ন প্ল্যান্টটি পরিদর্শন করেন।
কার্যক্রম চলমান এই পানি শোধনাগারে ২৫ জন চাইনিজ এক্সপার্ট-সহ ১২৫ জন দেশি-বিদেশি কর্মকর্তা-কর্মচারী লকডাউনের পর থেকে প্রায় তিনমাস ধরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কাজ করে যাচ্ছেন। মন্ত্রী সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং এই সংকটকালীন সময়েও কাজ অব্যাহত রাখায় তাদের ভূয়সী প্রশংসা করেন।
মোঃ তাজুল ইসলাম বলেন, বর্তমান সরকার দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, সারা দেশের সাধারণ মানুষের ন্যায় এখানে কর্মরত সকলের স্বাস্থ্য নিরাপত্তায় সবসময় বিশেষ নজর রাখবে সরকার।
মন্ত্রী পানি শোধনাগারটি ঘুরে দেখেন। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা শহরের ক্রমবর্ধমান খাবার পানির চাহিদা মিটানোর জন্য পদ্মা নদীর উৎস হতে পানি সরবরাহের লক্ষ্যে ৩ হাজার ৬৭০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।


























