[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজধানীর ফকিরাপুলের একটি আবাসিক হোটেল থেকে গিয়াস উদ্দিন (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রাম রাউজান উপজেলার শাহ নগর গ্রামের মৃত নূর ইসলামের ছেলে নিহত গিয়াস। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে ফকিরাপুলের রহমানিয়া আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত জানান, হোটেলের রেজিস্টার খাতা থেকে জানা গেছে গিয়াস চলতি মাসের ১ তারিখে হোটেলের ২য় তলার ২০৫ নম্বর রুম ভাড়া নেন। গতকাল সন্ধ্যায় হোটেলের লোকজন অনেক ডাকাডাকির পর রুমের দরজা না খোলায় পুলিশে খবর দেয়।
পুলিশ গিয়ে হোটেলের দরজা ভেঙে ভিতরে ফ্যানের সঙ্গে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় গিয়াসের মৃতদেহ দেখতে পায়। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠায়। ওসি জানিয়েছেন, গলায় ফাঁস দেওয়ার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।





























