[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আগামী ১ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৯ম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের পর্দা উঠবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গেমসের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ গেমস আয়োজনের সাংগঠনিক কমিটির কো-চেয়ারম্যান মোঃ জাহিদ আহসান রাসেল।
গতকাল পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে ৯ম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের সাংগঠনিক কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ গেমস দেশের সর্ববৃহৎ ক্রীড়া আসর। আর তাই মুজিব বর্ষে বাংলাদেশ গেমসকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়েছে। আগামী ১-১০ এপ্রিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস আয়োজন করা হবে। গেমসটিতে এবার ৩১টি ডিসিপ্লিনে প্রায় ১২ হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করবে। দেশের ২০টি ভেন্যুতে ইভেন্টগুলো আয়োজিত হবে।
সভায় যুব ও ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেন, তথ্যসচিব কামরুন নাহার, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা-সহ বিভিন্ন উপকমিটির আহ্বায়ক ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১০ মার্চ অর্থমন্ত্রীর সভাপতিত্বে সাংগঠনিক কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।































