[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশে খোলাবাজারে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে। রাজধানীসহ সারা দেশে ৩১ মার্চ পর্যন্ত ৩৫০টি ট্রাকে করে এ কার্যক্রম চলবে শুক্র ও শনিবার ছাড়া। এ তথ্য জানানো হয়েছে টিসিবির পক্ষ থেকে।
টিসিবি সূত্র জানায়, চারটি নিত্যপণ্য খোলা বাজারে বিক্রি করা হবে। এগুলো হলো সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও পেঁয়াজ। প্রতি কেজি চিনি ৫০ টাকা, মসুর ডাল ৫০ টাকা, সয়াবিন তেল ৮০ টাকা লিটার এবং পেঁয়াজ ৩৫ টাকা দরে কিনতে পারবেন একজন ভোক্তা। এছাড়া সর্বোচ্চ চার কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও পাঁচ লিটার পর্যন্ত সয়াবিন তেল কিনতে পারবেন একজন ক্রেতা। তবে সরকারের এই সংস্থাটি পেঁয়াজের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা উল্লেখ করেনি।
ঢাকায় ৫০টি ট্রাক, চট্টগ্রামে ১৬টি, অন্যান্য বিভাগীয় শহরে ১০টি করে এবং জেলা শহরে চারটি করে ট্রাক খোলাবাজারে চার পণ্য বিক্রি করা হবে।
রাজধানীতে যেসব স্থানে পণ্য বিক্রি হতে পারে সেগুলো হলো : সচিবালয় গেট, যাত্রাবাড়ী বাজার, ইত্তেফাক মোড়, শান্তিনগর কাঁচাবাজার, শাহজাহানপুর বাজার, খামারবাড়ী, ফার্মগেট, মিরপুর-১৪ কচুক্ষেত, মিরপুর-১ মাজার রোড, শ্যামলী মোড় অথবা ন্যাম গার্ডেন, উত্তরা আবদুল্লাহপুর, ভিকারুননেসা ১০ নম্বর গেইট অথবা ইস্টার্ন হাউজিং গেইট, বেগুনবাড়ী, মতিঝিল সরকারি কলোনি, ভাষানটেক বাজার, মধ্য বাড্ডা, পলাশী অথবা ছাপরা মসজিদ, ঝিগাতলা অথবা ধানমন্ডি সরকারি কলোনি এবং রামপুরা বাজার। এসব স্থানে ৫০টি ট্রাকে করে এ কার্যক্রম চলবে।





























