[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আগামী ২৩ জুন চলতি বছরের হজের জন্য হজ ফ্লাইট শুরু হবে। এজন্য হজ পালনে আগ্রহীদের নির্ধারিত সময়ে ব্যাংকে টাকা জমা দিয়ে তা নিবন্ধনসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। রোববার (০৮ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, করোনা ভাইরাসের কারণে সৌদি সরকার ওমরার ভিসা বন্ধ রাখলেও হজের আগেই এ সংকট কেটে যাবে। বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই অর্থাৎ ৯ জিলহজ্জ পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
হজের নিবন্ধন করার ফলে কারো আর্থিক ক্ষতির সম্ভাবনা নেই- এ কথা জানিয়ে করোনা পরিস্থিতির কারণে যে কোনো সিদ্ধান্তে সৌদি সরকার হজযাত্রীদের সব ধরনের সহযোগিতা করবেন জানান ধর্ম প্রতিমন্ত্রী। করোনা আতঙ্কের কারণেই অন্য বছরের তুলনায় এবার হজের নিবন্ধনকারীর সংখ্যা কম–এ কথা উল্লেখে করে মন্ত্রী বলেন, এ পর্যন্ত ১৭ হাজার ১৯৮ জনের মধ্যে সরকারিভাবে ৪৮৫ জন নিবন্ধন করেছেন।
করোনার কারণে কেউ যেতে না পারলে নিবন্ধনকারীরা পরবর্তী সময়ে হজে যাওয়ার সুযোগ পাবেন বলে জানান তিনি।
আগামী ১৫ মার্চের মধ্যে আগ্রহী হজযাত্রীদের নিবন্ধন করতে আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। তিনি আরো বলেন, নিবন্ধনের জন্য যতদিন পর্যন্ত সময় বাড়ানো সম্ভব হবে ততদিন বাড়ানো হবে, আর যেতে না পারলে নিবন্ধনকারীর টাকা ফেরত দেবে সরকার। মন্ত্রী জানান, বিমান ভাড়া কমানোর বিষয়ে সরকার চেষ্টা করেছে এবং এ নিয়ে চেষ্টা চালিয়ে যাবে ধর্ম মন্ত্রণালয়।





























