[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীনে সিটি গভার্নেন্স প্রকল্পের (সিজিপি) আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের “বস্তি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ কর্মসূচী” (প্র্যাপ) এর ৫ দিন ব্যাপী “দলীয় সঞ্চয় ব্যবস্থাপনা” প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার সকালে চসিক কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করেছেন প্রকল্পের সিনিয়র প্রকৌশলী (ঢাকা) মোঃ রবিউল ইসলাম। এ সময় সিনিয়র স্পেশালিষ্ট মনোরঞ্জন মজুমদার, আকন্দ শহীদুল আলম, সোসিও ইকোনমিস্ট সানিয়া খানম, সোসিও ইকোনমিস্ট আরিফ জোয়াদ্দার, সিনিয়র বস্তি উন্নয়ন কর্মকর্তা সঞ্জীৎ কুমার দাস, চসিক বস্তি উন্নয়ন কর্মকর্তা মইনুল হেসেন আলী চৌধুরী, ফাইন্যান্স ফ্যাসিলিটেটর ওবায়দুর রহমান ও আরবান প্লানিং ফ্যাসিলিটেটর রবি মং মারমাসহ সিডিসি চেয়ারপার্সন, দলনেত্রী ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই কর্মসূচীর আওতায় দলীয় সঞ্চয়, ঋণ দান, স্বাস্থ্য সেবা ও ক্ষুদ্র ভৌত অবকাঠামো বিষয়ে প্রশিক্ষন দেয়া হচ্ছে। প্রকল্পের মাধ্যমে ১০ টি প্যাকেজের আওতায় প্রায় ১৪শত জন সুবিধাভোগীকে ১ কোটি ৪৫ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে। ৩’শ জন ছাত্র-ছাত্রীকে প্রতিবছর প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়। তাদের প্রতি বছর ড্রেস,ব্যাগ,জুতা-মুজা ও টিফিন সহায়তা দেয়া হয়। প্রতি বছর ৩ হাজার পরিবারকে স্বাস্থ্যসচেতনতা বিষয়ে পরামর্শ দেয়া হয়। প্রকল্পের মাধ্যমে এই পর্যন্ত ১০ টি প্যাকেজে ২ হাজার মিটার ফুটপাত ,৭২টি কমিউনিটি ল্যাট্রিন ও ১৭ টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে বলে তারা উল্লেখ করেন।





























