[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আবারও প্রাণ ঝরল কিশোর গ্রুপের সংঘর্ষে। রাজধানীর মুগদা এলাকায় শুক্রবার (২০ ডিসেম্বর) নিহত হয়েছে ১৭ বছরের মাহিম রহমান সশস্ত্র সংঘবদ্ধ দলের হামলায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটানো হয়েছে। তবে জ্যেষ্ঠতার রেষারেষি নিয়ে সংঘর্ষ বাঁধে বলে প্রত্যক্ষদর্শী কিশোররা দাবি করছে।
বন্ধু মনার সঙ্গে দেখা করতে শুক্রবার বিকেলে মান্ডা এলাকার বালুর মাঠে এসেছিল যাত্রাবাড়ীর বাসিন্দা মাহিম রহমান। তিন বন্ধু আড্ডায় মেতেছিলেন। হঠাৎ ২০-৩০ জনের একটি দল রামদা, ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায় সন্ধ্যা ৬টার দিকে। দেহে আঘাত নিয়ে দু’জন পালাতে পারলেও, ছাড়া পাননি মাহিম। বুকফাটা আর্তনাদ মা রোজিনা রহমানের কিশোর ছেলের মৃত্যুতে।
কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন মুমূর্ষু অবস্থায় তাকে মুগদা হাসপাতালে নিয়ে গেলে। পরে মরদেহ নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য। মাহিমের বাবা এ ঘটনায় দোষীদের বিচার চেয়েছেন। আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।





























