[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজধানীর বাড্ডা ও মিরপুর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন দুইজন।র্যাব জানিয়েছে, বাড্ডা পাঁচখোলা ও মিরপুর বেড়িবাঁধ এলাকায় পৃথক এ দুই বন্দুকযুদ্ধে নিহতদের একজন মাদক বিক্রেতা ও অন্যজন সন্ত্রাসী ।
এ ‘বন্দুকযুদ্ধ’ হয় গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ও সোয়া ৩টার দিকে।বন্দুকযুদ্ধে নিহতরা হলেন- মহারাজ খলিফা (৪০) নামে এক মাদকবিক্রেতা ও নাজমুল হাসান ওরফে ব্যঙ্গা বাবু (৩৮) নামে এক সন্ত্রাসী।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১-এর নির্ভরযোগ্য সূত্র । তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাঁতারকুল পাঁচখোলা এলাকায় অবস্থান করছে কয়েকজন মাদকবিক্রেতা । এ খবরে ঘটনাস্থলে গেলে আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আত্মরক্ষার্থে আমরাও পাল্টা গুলি করলে কয়েকজন পালিয়ে যায় এবং গুলিবিদ্ধ হয় একজন। পরে পুলিশের সহায়তায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সাড়ে তিনটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তিন হাজার পিস ইয়াবা একটি শর্টগান, একটি ওয়ান শুটারগান, কয়েকটি ম্যাগজিন, ও উদ্ধার করা হয়েছে একটি মোবাইল ফোন।
এ ঘটনায় আহত হয়েছেন একজন র্যাব সদস্য । তাঁকে ভর্তি করা হয়েছে কুর্মিটোলা সদর হাসপাতালে । এ ঘটনায় সরকারি কাজে বাধা, অস্ত্র ও মাদক অপরাধে র্যাব তিনটি মামলা করেছে।
র্যাব সূত্র জানিয়েছে নিহত মহারাজের বিরুদ্ধে বনানী, গুলশান, তেজগাঁও ও বরগুনা সদর থানায় মোট ২৯টি মাদক মামলা রয়েছে।
অপরদিকে বুধবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে মিরপুর বেড়িবাঁধে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে নাজমুল হাসান ওরফে ব্যঙ্গা বাবু (৩৮) নামে এক সন্ত্রাসী । সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং শাহাদাত বাহিনীর সেকেন্ড ইন কমান্ড।
মিরপুর এলাকার বন্দুকযুদ্ধের ঘটনাটি নিশ্চিত করেছেন র্যাবের-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম । তিনি বলেন, রাতে খবর পাই শাহআলী খানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে। র্যাবের টহল দল সেখানে গেলে গুলি ছোড়ে তারা। র্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয় একজন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক । ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং কয়েক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।




























