[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কুয়েতের আদালতে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদুল ইসলামের সদস্যপদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ উইং থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
কুয়েতের ফৌজদারি আদালতে গত ২৮ জানুয়ারি ঘোষিত রায়ে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় ২৭৫ লক্ষ্মীপুর-২ থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংসদ সদস্য থাকার অযোগ্য। সেই কারণে সংবিধানের ৬৭ (১) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী রায় ঘোষণার তারিখ থেকে তাঁর আসন (লক্ষ্মীপুর-২) শূন্য হয়েছে।


























