[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ওমান ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশসহ ২৪টি দেশের যাত্রীদের ওপর থেকে। আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত।
সোমবার (২৩ আগস্ট) এ সিদ্ধান্ত জানিয়েছে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ)। খবর গালফ নিউজের।
তালিকার অন্য দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, ফিলিপিন্স, তানজানিয়া, সুদান, ব্রাজিল, সিয়েরা লিওন, যুক্তরাজ্য, তিউনিসিয়া, লেবানন, ইরাক, ইরান, লিবিয়া, ব্রুনেই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, ঘানা, নাইজেরিয়া, গায়ানা, কলম্বিয়া ও আর্জেন্টিনা।
ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল এসব দেশের যাত্রীদের। তবে ১ সেপ্টেম্বর থেকে ওমানের নাগরিক, আবাসিক ভিসাধারীসহ এসব দেশের যাত্রীরা ওমানে প্রবেশ করতে পারবেন।
খবরে বলা হয়েছে, উপরে উল্লেখিত দেশের যাত্রীরা কেবলমাত্র ওমানের অনুমোদিত করোনা টিকা নেওয়ার প্রমাণাদী দাখিল সাপেক্ষে সে দেশে প্রবেশ করতে পারবেন।
খবরে আরো বলা হয়েছে, ওমান অনুমোদিত এমন দুই ডোজ টিকা নেওয়া যাত্রীরাই কেবল দেশটিতে যেতে পারবেন। সেখানে যাওয়ার সম্ভাব্য তারিখের কমপক্ষে ১৪ দিন আগে টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় কোন কোন টিকাকে অনুমোদন দেবে তার তালিকা প্রকাশ করবে। করোনা পরীক্ষার সনদ এবং টিকাদানের সনদ উভয়টিতেই কিউআর কোড থাকতে হবে যা দিয়ে সনদটি পরীক্ষা করে দেখা যায়।


























