[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অবসর নীতিমালা সংস্কারের প্রতিবাদে দেশজুড়ে চলছে ধর্মঘট। এতে লাখো কর্মজীবী মানুষ যোগ দিয়েছেন। স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যেও। আলোচনার মাধ্যমে ধর্মঘটের অবসান চান সাধারণ মানুষ।
শিল্প, সাহিত্য, প্রেম ও সৌন্দর্যের নগরী হিসেবে প্যারিসের খ্যাতি জগৎ জোড়া। কিন্তু তা এখন যেন ভোগান্তির শহর হিসেবে পরিচিতি পাচ্ছে। সরকারের অবসর নীতিমালা সংস্কারের প্রতিবাদে লাখো আন্দোলনকারী এখন রাজপথে। এতে জনভোগান্তি চরমে। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। ধর্মঘটের নেতিবাচক প্রভাবের কারণে ক্ষতির মুখে পড়েছে ব্যবসা-বাণিজ্যও।ফলপ্রসূ আলোচনার মাধ্যমেই ধর্মঘটের অবসান হতে পারে বলে মনে করেন ফরাসিরা।
১৯৯৫ সালের পর সবচেয়ে বড় এ ধর্মঘটে অচল ফ্রান্সের জনজীবন। চলমান এ ধর্মঘটে একাত্মতা ঘোষণা করে যোগ দিয়েছেন শিক্ষা-স্বাস্থ্য, প্রশাসনসহ সরকারের অন্য খাতের কর্মজীবীরাও ।































