[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগকারী প্রিয়া সাহার বক্তব্যের পেছনে কারও হাত আছে কিনা- তা খতিয়ে দেখা হবে। তাঁর বিষয়ে সরকার রয়েসয়ে এগোতে চায় ।’
সমসাময়িক বিষয় নিয়ে আজ সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন ।
ওবায়দুল কাদের বলেন, মশা মারতে কামান দাগাতে চাই না আমরা । আমরা রয়েসয়ে এগোতে চাই প্রিয়া সাহার বিষয়ে । তবে বিষয়টি তুচ্ছ মনে করছি না আমরা। তিনি বলেন, প্রিয়া সাহা কার প্ররোচনায় এ মিথ্যা অভিযোগ করেছেন, আমরা তার যাব গভীরে। তাঁর বক্তব্যের পেছনে অন্য কারও হাত রয়েছে কিনা- তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে দেশে ফেরার পর। অবাক হওয়ার বিষয় হলো- প্রিয়া সাহা তার মিথ্যা বক্তব্যের ব্যাপারে অটল রয়েছেন। তিনি টেনে এনেছেন প্রধানমন্ত্রীকে । কিন্তু প্রধানমন্ত্রী কখনও তিন কোটি ৭০ লাখ গুমের তথ্য দেননি।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৬ জুলাই হোয়াইট হাউসে ধর্মীয় নিপীড়নের শিকার ২৭ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। সেখানে অংশ নেন ১৬টি দেশের প্রতিনিধি । বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহাও সুযোগ পান কথা বলার ।
প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্টকে বলেন, ‘আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে তিন কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নিখোঁজ রয়েছেন। দয়া করে সহায়তা করুন আমাদের লোকজনকে । আমরা আমাদের দেশে থাকতে চাই।’ এরপর বলেন, ‘এখন সেখানে এক কোটি ৮০ লাখ সংখ্যালঘু রয়েছে। আমরা আমাদের বাড়িঘর খুইয়েছি। তারা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তারা আমাদের ভূমি দখল করে নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার পাইনি।’
এ নিয়ে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে একপর্যায়ে ট্রাম্প নিজেই সহানুভূতির সঙ্গে এই নারীর সঙ্গে হাত মেলান। প্রিয়া সাহা আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার কথোপকথন প্রকাশের পর সমালোচনার ঝড় ওঠে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তীব্র নিন্দা জানানো হয়েছে।

























