[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক প্রফেসর হাসান আজিজুল হকের মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বিবৃতিতে তাঁরা বলেন, অধ্যাপক হাসান আজিজুল হক ছিলেন বাংলাদেশের প্রগতিশীল বুদ্ধিবৃত্তির উজ্জ্বল আলোকবর্তিকা। তাঁর লেখনি এদেশের খেটে খাওয়া সাধারণ মানুষের ‘জীবন ঘষে আগুন’এর জ্যোতির্ময় চিত্র হিসেবে দেদীপ্যমান। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও প্রগতিশীল গণমানুষের ‘বাতিঘর’ হিসেবে তিনি বাঙালি জাতির প্রজ্ঞা এবং চেতনায় স্থান করে নিয়েছেন। তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শনের প্রথিতযশা শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা এদেশের প্রগতিশীল শিক্ষা আন্দোলনের নেতা ও পথ প্রদর্শক। তাঁর সাহিত্যিক অবদানের ছত্রে ছত্রে রয়েছে সেই দিক নির্দেশক আলোর দিশা।
সাহিত্যিক হিসেবে, লেখক হিসেবে পেয়েছেন ‘একুশে পদক’, পেয়েছেন বাঙালি জাতির মুক্তিযুদ্ধে তাঁর অবদান ও মুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত রাখার লড়াইয়ে অগ্রণী ভূমিকার জন্য ‘স্বাধীনতা পুরস্কার’। তাঁর মৃত্যু বাঙালি জাতির জীবনে এক অপূরণীয় ক্ষতি।
বিবৃতিতে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর স্মৃতি, তাঁর জীবন ও কীর্তিকে এগিয়ে নেবার শপথ নিয়ে এগিয়ে চলার প্রত্যয় ঘোষণা করা হয়।































