[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ফায়ার সার্ভিস এখনো উদ্ধার করতে পারেনি রাজধানীর কদমতলীর ডিএনডি খালে নিখোঁজ হওয়া পাঁচ বছরের শিশু আশামনিকে। আজকে নিয়ে পাঁচ দিনে গড়াল তার খালে পড়ে নিখোঁজ হওয়া।
এদিকে ফায়ার সার্ভিসের কাজে অসন্তুষ্টি প্রকাশ করে মানববন্ধন করেছে এলাকাবাসী এখনো আশামনির সন্ধান না মেলায়। গতকাল আশামনির লাশ উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয় ঘটনাস্থলের (শিশুটির খালে পড়ে যাওয়ার স্থান) পাশে ইউসুফ মেমোরিয়াল স্কুলের সামনে আয়োজিত মানববন্ধনে। অন্যদিকে সেনাবাহিনীর একটি দল গতকালই ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পর্যবেক্ষণ করেছে।
জানা গেছে, মিরাজনগরের পাশের মোহাম্মদনগর কালভার্ট এলাকায় বাসা এরশাদ ও তানিয়া দম্পতির। তাদের বড় মেয়ে আশামনি। এরশাদের একটি কনফেকশনারি রয়েছে ঘটনাস্থলের পাশেই। এ বছরই আশামনি মিরাজনগর ফারহা মডেল স্কুলের শিশু শ্রেণিতে ভর্তি হয়েছিল। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।
গত শনিবার আশামনি বল আনতে গিয়ে খালে পড়ে যায়। খালটি কাদা ও ময়লা-আবর্জনায় ভরা। আশামনির সন্ধান পাওয়া যাচ্ছে না খালের আবর্জনায় তলিয়ে যাওয়ার পর থেকে। এলাকাবাসীর অভিযোগ, ময়লা পরিষ্কার করে তাকে উদ্ধারের কোনো উদ্যোগ নিচ্ছে না ফায়ার সার্ভিস। এমনকি তাদের অভিযানে তেমন জোরালো তৎপরতাও নেই। এ কারণে স্থানীয় লোকজন মানববন্ধন করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম এ বিষয়ে বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তিনজন ডুবুরি অভিযান চালিয়ে যাচ্ছে আশামনিকে উদ্ধারে। কিন্তু খালটিতে অতিরিক্ত পরিমাণে ময়লা-আবর্জনা থাকায় শিশুটির সন্ধান মিলছে না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আশামনি খালের পানিতে পড়েছে কি না সেটি আমরা নিশ্চিত নই। শিশুটিকে নিজ চোখে পানিতে পড়তে দেখেছে—এমন কোনো প্রত্যক্ষদর্শী আমরা এখনো পাইনি। এর পরও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’
কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, ‘এখনো শিশুটির সন্ধান মেলেনি। একটি টিম সেখানে মোতায়েন করা আছে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য।’





























