[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ দ্বিতীয় দিনের মত নীলক্ষেত মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। এতে ওই সড়ক ও এর আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি একটাই চলমান পরীক্ষার উপর স্থগিতাদেশ প্রত্যাহার করে পরীক্ষা নিতে হবে।
এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে প্রথমে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এরপর তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। রাত ১০টা পর্যন্ত তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছিলেন। এ সময় তারা পরীক্ষা গ্রহণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে এবং স্লোগান দেয়।
শিক্ষার্থীরা বুধবার আবারো রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন বলে জানিয়েছিলেন। ঢাকা কলেজের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, আমাদের দুটি পরীক্ষা বাকি আছে। পরীক্ষার জন্য ঢাকায় অবস্থান করছি। এখন বলে পরীক্ষা স্থগিত। আমরা এটা মানি না।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠক হয়। বৈঠকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়। এরপরেই শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করে।


























