[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত ভুল সংশোধন করে রাজাকারের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে দলের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
কাদের বলেন, রাজাকারের তালিকায় ভুল-ত্রুটি নিয়ে ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। সেই সঙ্গে প্রধানমন্ত্রীও এ তালিকা নতুন করে যাচাই-বাছাই করে সংশোধনের নির্দেশ দিয়েছেন। সুতরাং এটি নিয়ে আর কোনো প্রশ্ন নেই। আওয়ামী লীগে ২১তম সম্মেলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী ২০ ও ২১ ডিসেম্বরের সম্মেলন স্মরণকালের শ্রেষ্ঠ সম্মেলন হবে। সম্মেলনে উপস্থিতি থাকবে অনেক। এ সম্মেলনের মাধ্যমে নবীন ও প্রবীণের সমন্বয় ঘটানো হবে।
১৫ ডিসেম্বর একাত্তরের রাজাকার, আলবদর, আলশামস ও স্বাধীনতাবিরোধীসহ ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ তালিকায় ভাতাপ্রাপ্ত কয়েকজন মুক্তিযোদ্ধার নাম থাকায় সমালোচনার ঝড় ওঠে। এরপর থেকে সারাদেশে এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।


























