[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
তিন দফার মধ্যে ইতিমধ্যে প্রথম দুই দফায় পাকিস্তান সফর করছে বাংলাদেশ। বাকি রয়েছে শেষ দফা। তবে এ সফরের সূচিতে পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে তারা।
পূর্ব নির্ধারিত সফর সূচি অনুযায়ী করাচিতে অনুষ্ঠিতব্য একমাত্র ওয়ানডে ম্যাচটি ৩ এপ্রিল ও টেস্ট ম্যাচটি ৫ এপ্রিল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচি অনুযায়ী ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে ১ এপ্রিল। তবে সিরিজের দ্বিতীয় টেস্টটি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুরু হবে করাচিতে।
এ ব্যাপারে পিসিবি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধেই এই সূচি পরিবর্তন করা হয়েছে। বিসিবি চাইছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ টেস্ট লড়াইয়ের আগে একটু বেশি সময় নিয়ে প্রস্তুতি নিতে। তাই ওয়ানডে এগিয়ে মাঝে ফাঁকা জায়গা বাড়ানোর অনুরোধ করেছিল তারা।
জানা গেছে, তৃতীয় দফায় খেলতে আগামী ২৯ মার্চ পাকিস্তানের করাচিতে পৌঁছাবে বাংলাদেশ দল। পাঁচ দিন টেস্ট গড়ালে ৯ এপ্রিল পর্যন্ত পাকিস্তানেই থাকতে হবে টাইগারদের।
পাকিস্তান সফরের নতুন সূচি
১ এপ্রিল : একমাত্র ওয়ানডে, করাচি
৫-৯ এপ্রিল : দ্বিতীয় টেস্ট, করাচি।































