[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) বিকাল ৩.৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ, ঢাকা মহানগর কমিটির উদ্যোগে “আসুন, ভেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধে মশক মুক্ত পরিবেশ তৈরি করি ” এই স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু ভয়াবহতা রোধে করণীয় বিষয়ে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আসুন, ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধে মশক মুক্ত পরিবেশ তৈরি করি’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর কমিটির সদস্য সারা আলম।
বক্তব্য রাখেন-সংগঠনের ঢাকা মহানগর সদস্য নুসরাত এশা,
ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা টগর, আন্দোলন সম্পাদক জুয়েলা জেবুননেসা খান, সহ-সাধারণ সম্পাদক মঞ্জু ধর, সাধারণ সম্পাদক রেহানা ইউনুস প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন:দেশব্যাপী ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে।করোনা ভাইরাস শেষ হওয়ার পরে এবার দেশব্যাপী তীব্র প্রকোপ ছড়াচ্ছে ডেঙ্গু।ঢাকায় শিশুদের ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি। এমন নাজুক পরিস্থিতিতেও এখনও অনেক হাসপাতালে আক্রান্তদের মশারি ব্যবহার নিশ্চিত করানো যাচ্ছে না। ডেঙ্গুর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় দীর্ঘসূত্রতা হচ্ছে। বর্তমানে ঢাকায় মশার প্রজনন বৃদ্ধির কারণে ঢাকার দুই সিটি করপোরেশনের খামখেয়ালিপনা এবং কর্তব্যে অবহেলাই দায়ী। কোনোভাবেই তারা তাদের এই ব্যর্থতা এড়িয়ে যেতে পারেন না।সারাদেশের তুলনায় ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। এর বড় কারণ জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে ডেঙ্গুর লার্ভা সৃষ্টি হয়। নগরীতে যতগুলো প্রাকৃতিক খাল আছে তার অনেকাংশ দখল ও ভরাট হওয়ার কারণে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারছে না। ড্রেনেজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত একাধিক সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়হীনতা এ সংকটকে আরো বাড়িয়ে দিয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তরা, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন। ঘরের বা অফিসের বা কর্মস্থলের জানালা সবসময় বন্ধ রাখতে হবে; মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে, এমন পোশাক পরিধান করতে হবে। শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতায় মশা যাবে না। মশা অধিক পরিমাণে বেড়েছে। মশা যে তার পরিবার বৃদ্ধি করার সুযোগ পেয়েছে সেই সুযোগ কিন্তু আমাদের দেশের প্রধানরা দিয়েছে। আমরা তাদের কাছে আমাদের বাঁচার গ্যারান্টি চাই। আমাদের দেশের প্রধানরা বলে এডিস মশার রূপ পরিবর্তন হয়েছে। কিন্তু তাদের জন্য কি কোনো ওষুধ নেই? আমরা তো কোথাও মশক নিধনের কোন কর্মসূচি দেখছি না।
প্রস্তাব পাঠ করেন-কমিটির অর্থ সম্পাদক ফেরদৌস জাহান রত্না।
বর্তমানে চলমান ডেঙ্গুর ব্যাপকতা প্রতিরোধে ২৩ দফা সুপারিশ জানিয়ে মানববন্ধন করেছে মহিলা পরিষদ ঢাকা মহানগর কমিটি:
সুপারিশ মালার মধ্যে রয়েছে- মশার প্রজনন স্থল ধ্বংস করা; আপনার ঘর এবং আশেপাশে যে কোন পাত্রে জমে থাকা পানি তিনদিন পরপর পরিষ্কার করা, ফুলের টব, প্লাস্টিকের পাত্র,পরিত্যক্ত আসবাব ইত্যাদি পরিষ্কার রাখা; ব্যবহৃত পাত্রে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ঘসে পরিবর্তন করা; অব্যবহৃত পানির পাত্র উল্টে রাখা; রাতে বা দিনে ঘুমানোর সময় মশারী ব্যবহার করা; পরিবারে ও আশেপাশের পরিবেশে স্বাস্থ্যকর অবস্থা বজায় রাখা; প্লাস্টিক পণ্য ব্যবহার বর্জন করা; হাত পা ঢাকা পোশাক পড়া; পাড়া এবং মহল্লায় নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান চালাতে ওয়ার্ড কমিশনারদের অনুরোধ করা; বর্ষার শুরুতেই রাস্তাঘাট,খানা-খন্দ, ডোবা-নালা, ঝিল পরিষ্কার করে পর্যাপ্ত পরিমাণ কীটনাশক ওষুধ ছিটিয়ে দেয়া; ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর রক্ত সংগ্রহ, স্যালাইন, সরবরাহ ও পরীক্ষাগুলি স্বল্পমূল্যে বা নামমাত্র মূল্যে এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা; দেশের সব হাসপাতালে আক্রান্ত রোগীদের রক্তের প্রাপ্তি নিশ্চিতের পদক্ষেপ নেয়া; এলাকাভিত্তিক পর্যাপ্ত লোকবলের ব্যবস্থা করে, প্রয়োজনে টিম গঠন করে আক্রান্ত রোগীর পরিবারকে সহযোগিতা করা; ‘৯৯৯’ এ ফোন করে পাওয়া যায় না অভিযোগ আসছে। সেক্ষেত্রে হেল্প লাইন খুলে আরও কয়েকটি নাম্বার প্রচার করে, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা; পরিবারের প্রত্যেকে নিজে সর্তক থাকা এবং আশেপাশের সকলকে পরিষ্কার,পরিচ্ছন্ন ও সর্তক থাকতে উৎসাহিত করা; আক্রান্ত রোগীকে প্রচুর পরিমাণে তরল খাবার খেতে দেয়া; রেডজোন ঘোষণাকৃত এলাকাগুলোতে অস্থায়ী হাসপাতালের ব্যবস্থা করা; বেসরকারি সব হাসপাতালে আক্রান্ত রোগীদের চিকিৎসার সুব্যবস্থা রাখা; শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি হওয়ার পাশাপাশি কিছু লক্ষণ দেখা দিলে ডেঙ্গু সন্দেহে নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেয়া; সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগের পরীক্ষার জন্য জরুরি বিভাগ খোলা হয়েছে। তাই জ্বর হলে অবহেলা না করে জরুরি ভিত্তিতে ডাক্তারের শরণাপন্ন হওয়া; বিশেষজ্ঞরা পরামর্শ দেন, মশার লার্ভা মেরে ফেলতে প্রাকৃতিক ব্যক্টেরিয়া বিটিআই (ব্যসিলাস থুরেঞ্জিয়েনসিস ইসরাইলেন্সিস) স্প্রে করা উচিৎ। পানিতে বিটিআই পেলে মশার লার্ভা সেটা খায় এবং মারা যায়। ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বাড়ানো।
মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের ঢাকা মহানগর শাখার সংগঠক, সদস্য, ঢাকা মহানগরের বিভিন্ন পাড়া কমিটির সদস্যবৃন্দসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন। এছাড়াও প্রিন্টও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও উচ্ছুক জনতা অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন সংগঠনের ঢাকা মহানগর কমিটির লিগ্যাল এইড সম্পাদক শামীমা আফরোজ আইরিন।


























