[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেছেন, উদ্ভাবনই হচ্ছে এগিয়ে যাওয়ার মূলমন্ত্র। আর দেশের আগামীদিনের অর্থনীতির মূল চালিকাশক্তি হবে স্টার্টআপ। তাদের জন্য সরকার ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তুলবে। এই ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার জন্য মূল কেন্দ্রবিন্দুতে থাকবে এই ‘ভিশন ২০২১ টাওয়ার’। এর সাথে যুক্ত থাকবে দেশের আরো ১০টি বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, কাওরান বাজারে তৈরি হবে ১২ তলার ভিশন ২০২১ টাওয়ার।
গতকাল কারওয়ান বাজার সফটওয়্যার টেকনোলজি পার্কের সভা কক্ষে ‘ভিশন ২০২১ টাওয়ার-২’ তৈরির জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কাছে জমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গত ৬ বছরে স্টার্টআপে অনেক বিদেশি বিনিয়োগ এসেছে। গত এক মাসে ১০০ মিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগ এসেছে। তিনি বলেন, দেশে ৩৯টি হাইটেক পার্ক, ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠিত হচ্ছে। বর্তমানে দেশের ৩৮শ’ ইউনিয়ন অপটিক্যাল ফাইবার ক্যাবলের সাথে সংযুক্ত। এর ফলে দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি।
গত কয়েকদিন যাবত ই-কমার্স সেক্টরে অস্থিরতা যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সবাইকে আশ্বস্ত করতে চাই দেশে ই-কমার্সের প্রসার হবে। সব ব্যবসা আস্তে আস্তে ডিজিটাল হবে। এ সেক্টরে নিয়ম, আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারি-বেসরকারি সেক্টরের সবাই মিলে ক্রমবর্ধমান এ ইন্ডাস্ট্রি যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

























