[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সংবাদ প্রকাশের ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজির সময় স্থানীয় জনতারা চুয়াডাঙ্গার কথিত ৫ সাংবাদিককে আটক করেছে। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। গতকাল সোমবার রাতে তাদের নামে থানায় চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে।
আটক কথিত সাংবাদিকরা হলেন-চুয়াডাঙ্গা শহরের বাগারপাড়ার খোকন আলীর ছেলে আশিক বিশ্বাস (২৫), শহরের জ্বিনতলা পাড়ার মৃত ইছাহক আলীর ছেলে আরিফ হোসেন (৪৫), পৌর এলাকার জাফরপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে নজরুল ইসলাম (৩৬), চুয়াডাঙ্গা শহরের মালোপাড়ার মৃত কালু খাঁ’র ছেলে সজিব আকবর (৫০) ও চুয়াডাঙ্গা রেলপাড়ার ইদ্রিস আলীর ছেলে সাব্বির আহমেদ (২৪)।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান জানান, সাংবাদিকতার ভয়-ভীতি দেখিয়ে সদর উপজেলার ভান্ডারদহ গ্রামের শহিদ মালিতার ছেলে মোহাম্মদ পিনুর কাছ থেকে তিন হাজার টাকা, হাজরাহাটি গ্রামের আব্দুর রশিদের কাছ থেকে ৩০ হাজার টাকা, ধুতরহাট গ্রামের ইউনুস আলীর ছেলে ইসমাইল হোসেনের কাছ থেকে এক হাজার ৫০০ টাকা গ্রহণ করেন কথিত ওই ৫ সাংবাদিক।
উল্লেখ্য, গত সোমবার ওই ৫ সাংবাদিক পরিচয়দানকারি সরোজগঞ্জ বাজারে একটি চায়ের দোকানে চাঁদার টাকা আনতে গিয়ে আটক হয়। স্থানীয় জনতা তাদের আটক করে গণপিটুনি দিয়ে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের হাতে সোপর্দ করে। পরে পুলিশ তাদের চুয়াডাঙ্গা সদর থানায় পাঠায়। ওইদিন রাতেই চুয়াডাঙ্গা সদর উপজেলার ভান্ডারদহ গ্রামের শহিদ মালিতার ছেলে মোহাম্মদ পিনু থানায় এসে আটক ৫ কথিত সাংবাদিকের নামে চাঁদাবাজির মামলা দায়ের করেন। ওই মামলায় আটক ৫ কথিত সাংবাদিককে আদালতে সোপর্দ করা হয়েছে।





























