[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পাবনার চাটমোহর থানা পুলিশ পাঁচ লিটার বাংলা মদ নিয়ে আরজান আলী নামের এক ইউপি সদস্য সহ দুই জনকে আটক করেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে তাদের আটক করা হয় চাটমোহর ফায়ার সার্ভিস এলাকা থেকে। আটককৃত আরজান আলী মূলগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও চকউথুলী গ্রামের মৃত আছের প্রামাণিকের ছেলে। আটক অপরজন মাদক ব্যবসায়ী সুজন হোসেন একই ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামের আবেদ আলির ছেলে ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ইউপি সদস্য আরজান আলী মাদক নিয়ে পাচারের জন্য চাটমোহর পৌর সদর থেকে বাড়ির উদ্দেশে যাচ্ছে। এমন সংবাদের পরেমথুরাপুর ইউনিয়নের ফায়ার সার্ভিস এলাকা থেকে তাদের দুজনকে আটক করে চাটমোহর থানা পুলিশের সদস্যরা। আটকের পরে তাদের নিকট থেকে ৫ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রেকর্ড করা হয়েছে। বুধবার সকালে তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়।





























