[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। ৩ হাজার ২০৩ জনের প্রাণহাণি ঘটেছে এরইমধ্যে। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা মরণঘাতী এ ভাইরাস থেকে সতর্ক থাকার জন্য সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (০৩ মার্চ) রাতে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নড়াইল এক্সপ্রেস। মাশরাফী বলেন, করোনা ভাইরাসের বিষয়ে সবাইকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এই ভাইরাস যেন আমাদের দেশে ছড়িয়ে না পড়ে সে জন্য সবাইকে যার যার স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
তিনি আরও বলেন, সবার বাড়ির আশপাশ ও পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সেই সঙ্গে বাইরে থেকে ফিরে বা বাইরের কোন কিছু স্পর্শ করার পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। তবে প্রাদুর্ভাবটি এখন কেন্দ্র পরিবর্তন করে বিশ্বের অন্যান্য দেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশ্বের ৮০টি দেশ ও অঞ্চলে ৯০ হাজার ৯২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।





























