[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ইলিশ সম্পদ উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ৪-১০ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২০ উদ্যাপন করা হবে। এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
গতকাল সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স’-এর সভায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২০ উদ্যাপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সভায় মন্ত্রী বলেন, ‘জাটকা নিধনের সাথে জড়িতদের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। দেশ, জাতি ও আইনের শাসনের স্বার্থে জাটকা নিধনের সাথে সম্পৃক্ত নেপথ্যের প্রভাবশালীদের প্রতিহত করা হবে। আর ইলিশ আহরণ বন্ধকালীন জেলেদের জন্য অবশ্যই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২০-এর ক্রোড়পত্র ৪ এপ্রিল জাতীয় দৈনিকে প্রকাশ, সকাল সাড়ে সাতটায় ঢাকায় মৎস্য ভবন থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত বর্ণাঢ্য র্যালি এবং দেশের ৬৪ জেলায় একই সময়ে স্থানীয় মৎস্যজীবী-সহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে র্যালি অনুষ্ঠিত হবে। র্যালি শেষে মন্ত্রী ঢাকায় মৎস্য অধিদপ্তরে জাটকা সংরক্ষণ সপ্তাহ নিয়ে সংবাদ সম্মেলন করবেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও এর আওতাধীন সংশ্লিষ্ট দপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মন্ত্রিপরিষদ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ হেডকোয়ার্টার্স, পরিকল্পনা কমিশন, বাংলাদেশ আনসার ও ভিডিপি, র্যাব, নৌ-পুলিশ, বাংলাদেশ কোস্টগার্ড-সহ ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স-এর প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।





























