[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ইবি প্রতিনিধি: ‘মেহনতী জনতার সাথে একাত্ম হও, শিক্ষাঙ্গনে ঘুষ-দুর্নীতি-সন্ত্রাস-দখলদারিত্ব বন্ধসহ সকল কায়েমি স্বার্থকে পরাস্ত কর’ প্রতিপাদ্য নিয়ে ইসলামী বিশ্ববদ্যিালয়ে (ইবি) ছাত্র-মৈত্রীর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে দুইদিন ব্যাপী কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী।
কর্মসূচীর মধ্যে শনিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ র্যালি, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে দলীয় টেন্ট থেকে আনন্দ র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে মিলিত শেষ হয়। পরে সেখানে ছাত্র মৈত্রীর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
কেক কাটার পর দলীয় টেন্টে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফ, সহ-সভাপতি আখতার হোসেন আজাদ, শামিমুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করে ছাত্র মৈত্রীর নেতাকর্মীরা। এসময় শহীদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
উল্লেখ্য, ১৯৮০ সালের ৬ ডিসেম্বর বহুধাবিভক্ত প্রগতিশীল ছাত্র আন্দোলনের চারটি সংগঠনের ঐতিহাসিক ঐক্যের মধ্যদিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রতিষ্ঠালাভ করে বাংলাদেশ ছাত্র মৈত্রী।এরপর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বিস্তার লাভ করে।


























