[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ধানমন্ডি থানা থেকে আলাদতে নেয়া হচ্ছে কলাবাগান স্পোর্টিং ক্লাব সভাপতি শফিকুল আলম ফিরোজকে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাকে নিয়ে আদালতের উদ্দেশে রওনা হয় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, সকালে র্যাব শফিকুল আলম ফিরোজকে ধানমন্ডি থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বিকেল ৩টার দিকে তাকে সিএমএম আদালতে তোলা হবে।
শনিবার সকালে র্যাব বাদী হয়ে শফিকুল আলম ফিরোজের বিরুদ্ধে ধানমন্ডি থানায় অস্ত্র ও মাদক আইনে দু’টি মামলা করে। এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ক্লাবটিতে অভিযান শুরু করে র্যাব। সেখান থেকে অস্ত্র-গুলি, তাস ও ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজসহ পাঁচজনকে আটক করে র্যাব।
অভিযান শেষে ক্লাব থেকে নাইন এমএম পিস্তল, ৩ রাউন্ড গুলি, ইয়াবা ও তাস উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব। অভিযান শেষে র্যাব-২ এর সিও আশিক বিল্লাহ জানান, কলাবাগান ক্লাবে একসময় ক্যাসিনো চলতো, ক্যাসিনোর বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। সম্পূর্ণ ভিন্ন হলুদ রঙের ইয়াবা পাওয়া গেছে এখানে।
র্যাব সিও জনান ক্লাব সভাপতি শফিকুল আলমের জিম্মা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। তিনি জানান, অস্ত্র ও মাদক আইনে মামলা হবে। ক্লাব সভাপতি শফিকুল আলম ফিরোজকে দুপুরেই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সন্ধ্যায় অভিযান শেষে তাকেসহ চারজনকে আটক করার কথা জানায় র্যাব।































