[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
তামাক কম্পানির কারসাজি সম্পর্কে তরুণদের অবহিত করা এবং তামাক কম্পানির অপতৎপরতা মোকাবেলায় তরুণদের উদ্বুদ্ধ করতে ভিজুয়াল ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করেছে স্টপ (স্টপিং টোব্যাকো অরগানাইজেশন্স অ্যান্ড প্রোডাক্টস)-এর সহযোগী গ্লোবাল সেন্টার ফর গুড গভরন্যান্স ইন টোব্যাকো কন্ট্রোল (জিজিটিসি)।
প্রতিযোগিতায় ভিজুয়াল ডিজাইনের মধ্যে memes, GIFs, ডিজিটাল স্টিকার, পোস্টার, ইনফোগ্রাফিক ও শর্ট ভিডিও জমা নেওয়া হবে। তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তামাক কম্পানি কীভাবে তথ্য বিকৃতির মাধ্যমে তাদের প্রাণঘাতী পণ্য বিক্রয় করে, তার ওপর ভিজুয়াল ডিজাইন তৈরি করে আগামী ২০ মে, ২০২০ তারিখের মধ্যে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক সংগঠনটি। এবারের বিশ্ব তামাকমুক্ত দিবসের প্রতিপাদ্য: ‘তরুণদের তামাক কম্পানির কারসাজি থেকে রক্ষা করা এবং তামাক ও নিকোটিন ব্যবহার থেকে বিরত রাখা’-কে কেন্দ্র করে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে।
সবার জন্য উন্মুক্ত ‘তামাক কম্পানির কারসাজি উন্মোচন করি, আগামী প্রজন্মকে বাঁচাই’ শীর্ষক ২০২০ গ্লোবাল মিডিয়া কম্পিটিশনে বিজয়ীদের জন্য রয়েছে পাঁচ হাজার মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ।
এছাড়া বিজয়ী প্রতিযোগীদের জন্য ২ থেকে ৪ সেপ্টেম্বর, ২০২০ ব্যাংককে অনুষ্ঠেয় এশিয়া প্যাসেফিক কনফারেন্স অন টোব্যাকো অর হেলথ (অ্যাপাক্ট) অনুষ্ঠানে ডিজাইন উপস্থাপন করার সুযোগ রয়েছে। তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই প্রতিযোগিতার বাংলাদেশ কান্ট্রি পার্টনার। প্রতিযোগিতায় অংশ নিতে www.ggtc.world/exposetobacco-এই ঠিকানায় নিবন্ধন করতে হবে।


























